ছেলেবেলার ঈদ

আপডেট : ৩০ মে ২০১৯, ১৯:৪২

আয়রে আমার ছেলেবেলার রঙিন বেলুন ঈদ

খুশির মাসি পিসির হাতে ভেঙে চোখের নিদ,

নতুন জামা-কাপড় আতর মাথায় রঙিন টুপি

সকল প্রাণে মনে এসে জ্বালাও খুশির কুপি।

 

আয়রে আমার মধুর সময় সাঁঝের মুখে বাঁশি

আমবাগানের পশ্চিমে কাত বাঁকা চাঁদের হাসি—

ওই দেখা যায় পাতার ফাঁকে, না না একটু ডানে,

দূর থেকে ওই মুয়াজ্জিনের আজান আসে কানে।

 

আয়রে রঙিন ছেলেবেলার ঈদের কোলাকুলি

রবিন, সাফির নুরবানুকে কেমন করে ভুলি?

ঈদগাহে একসাথে সবাই, নামাজে নয় হেলা

উছল সময় ছুটে চলার দুরন্ত সেই বেলা।

 

আয়রে আমার ছেলেবেলার সেই সে ঈদের দিন

আনন্দে ঢের আজকে তেমন বাজাও সুখের বীন,

সালাম-ঈদির আলোয় ঘরে ফিরনি সেমাই-মেলা

সব অন্তরে ভাসাও পরম প্রীতি-সুখের ভেলা।