কয়েকদিন আগেও ছিল সন্তানদের প্রতি মায়ের অকৃত্রিম ভালবাসা। শত অভাব দারিদ্র্যের মাঝে মা ছিল ওদের শেষ আশ্রয়স্থল। কিন্ু্ত ক্ষুধা আর ঋণের বোঝা কেড়ে নিলো ওদের ৪ ভাইবোনের আদর ভালবাসা মাতৃত্বের ছায়া। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলায়। ঋণের বোঝা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে উপজেলার হারতা গ্রামের এক হতদরিদ্র গৃহবধূ। রেখে গেছে ৪ শিশু সন্তান। মাকে হারিয়ে ওরা আজ নির্বাক অসহায়। স্বামীর স্বল্প আয় দিয়ে সন্তানসহ ৬ জনের ভরণপোষণ চলছিল না তাদের। অবশেষে বিষপানে আত্মহত্যার পথ বেছে নেয় দিনমজুর ধীরেন বড়ালের স্ত্রী শেফালী বড়াল (৩৫)। গত ১০ জুলাই স্বামীর সাথে সবজি বাগানে কাজ করতে গিয়ে সে সকলের চোখ ফাঁকি দিয়ে বিষপান করে। স্বামী তাকে ছটফট করতে দেখে এলাকাবাসীর সহযোগিতায় হাসপাতালে নেয়ার চেষ্টাকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। জানা যায়, স্বামী সামান্য কাঁচামালের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতো।
৬ জনের পরিবারের ভরণপোষণের জন্য বিভিন্ন এনজিও, সমিতি ও এলাকার মহাজনদের কাছ থেকে সুদের টাকা এনে সংসার চালাতে গিয়ে ঋণে জর্জরিত হয়ে পড়ে। প্রতিনিয়ত কিস্তি ও সুদের টাকার তাগাদার জ্বালা সইতে না পেরে ঘটনার দুইদিন পূর্বে স্বামী বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। আর এর প্রতিদান দিতে স্ত্রী শেফালী বড়াল বিষপান করে আত্মহত্যার পথ বেছে নেয়। ১১ জুলাই উজিরপুর মডেল থানা পুলিশ লাশটির ময়না তদন্ত শেষে সত্কারের নির্দেশ দেন এবং ঐ দিন তাদের নিজ বাড়িতে সত্কার সম্পন্ন হয়। অপরদিকে অসহায় পরিবারের মুখে খাবার তুলে দিতে এলাকার লোকজন সাময়িক যোগান দিচ্ছে। কিন্তু শিশু সন্তানদের চোখে মুখে আজ শুধু ক্ষুধা আর শোকের ছায়া।
