কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২২:০৭
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হামলায় এক বৃদ্ধ নিহত ও ১৭ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ১৩ জনকে আটক করেছে। সোমবার উপজেলার ভাঙ্গার হাট বাজারে এ ঘটনা ঘটে। উপজেলা দিঘলীয়া গ্রামের জয়নাল ফকিরের ছেলে বদিয়ার হোসেন ফকিরের সঙ্গে আনারস কেনাবেচা নিয়ে বুরুয়া বাড়ী গ্রামের আশেদ মোল্লার কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে আশেদ মোল্ল¬ার ছেলে মনির হোসেন মোল্লা ১০/১২ জন যুবককে সাথে নিয়ে বদিয়ার হোসেনের উপর হামলা চালায়। এ সময় ছেলেকে রক্ষার জন্য জয়নাল ফকির (৬৫) ও তার অপর ছেলে আলী হোসেন এগিয়ে আসলে হামলাকারীরা তাদের উপরও হামলা করে। হামলায় জয়নাল ফকির ও তার দুই ছেলে আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক জয়নাল ফকিরকে মৃত বলে ঘোষণা করেন। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন, এ ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য ১৩ জনকে আটক করেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।