চাঁদের নৌকা

আপডেট : ৩০ মে ২০১৯, ১৯:৪৩

গাছের আড়ে বাঁশের ঝাড়ে

চাঁদকে দেখার ভিড়,

চাঁদ দেখি ঠিক চিকন পাতা

আকাশ গাঙে থির।

 

মেঘের স্রোতে ভাসতে থাকে

ছোট্ট চাঁদের নাও

লাল আবিরে হাসছে দেখ

আমার প্রিয় গাঁও।

 

ঘুম আসে না দু চোখ জুড়ে

কখন হবে ভোর?

ভোরের আলোয় পাখির ডাকে

মা খোলে দেয় দোর।

 

ইচ্ছেঘুড়ি সারাটা দিন

মেঘের ভেলায় ভাসে

নীল আকাশে আধখানা চাঁদ

হাসে তারার পাশে।

 

ঈদের খুশি বুকের ভেতর,

আলোর নাচন তুলে

এক হয়ে যায় ধনী-গরিব

সকল বিভেদ ভুলে।