রমজান মাসে জনসাধারণের বিশেষ করে গরীব মানুষের দুঃখ লাঘবের জন্য সরকার টিসিবি-এর মাধ্যমে পণ্য বিক্রির ব্যবস্থা করলেও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কোথাও বিক্রি হচ্ছে না টিসিবির পণ্য। ফলে এ উপজেলার মধ্যবিত্ত ও গরীব মানুষ সরকারের এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এ নিয়ে টিসিবি কর্তৃপক্ষ ও ডিলারদের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৫ জন টিসিবি ডিলার রয়েছে। কিন্তু রমজান মাস শুরু থেকেই উপজেলার কোথাও টিসিবি ডিলারদের মাধ্যমে কোন পণ্য বিক্রি হচ্ছে না। টিসিবি’র তালিকাভুক্ত ডিলাররা প্রতি কেজি চিনি ৩৯ টাকা, সয়াবিন তেল ১০৬ টাকা, মশুর ডাল ৬৫ টাকা, ছোলা ৪৪ টাকা এবং খেজুর ৭০ টাকা দরে বিক্রি করবে। বর্তমান বাজার দরে প্রতি কেজি মশুর ডাল ৮০-১১০টাকা, সয়াবিন তেল ১১৫টাকা, স্বাভাবিক মানের খেজুর ৮০-১০০টাকা। উপজেলায় টিসিবির কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষকে অধিক মূল্য দিয়ে স্থানীয় বাজার থেকে রমজান মাসের পণ্য কিনতে হচ্ছে।
টিসিবি ডিলার মেসার্স বারী স্টোরের স্বত্বাধিকারী আব্দুল বারী আকন্দ বলেন, রমজান মাসের শুরু থেকেই টিসিবি কর্তৃপক্ষের কাছে বার বার ধরনা দিয়েও আমরা মাল উত্তোলন করতে পারিনি। ফলে এ উপজেলায় রমজান মাসে টিসিবির কার্যক্রম বন্ধ ছিল।
ময়মনসিংহ টিসিবি অফিস প্রধান মো. ওয়াজ উদ্দিন বলেন, ডিলারদের বার বার তাগাদা দিলেও তারা মাল উত্তোলন করেনি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
