বিজিবিকে লক্ষ্য করে চোরাচালানীদের বোমা নিক্ষেপ

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২২:১০
উপজেলার গয়েশপুর সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে একদল চোরাচালানী। এ সময় বিজিবি সদস্যরা ৪ চোরাচালানীকে আটক করেছে। আটককৃতরা হল- উপজেলার গয়েশপুর গ্রামের আলী হোসেনের ছেলে মুরাদ হোসেন (২৭), ওহাব মণ্ডলের ছেলে আব্দুল মালেক (২৮), ইন্তাদুল হকের ছেলে ফলে (২০) ও তেঁতুল মণ্ডলের ছেলে আব্দুল মুমিন (৪০)। গয়েশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার জমশেদ আলী জানায়, রবিবার দিনগত রাত ৮ টার দিকে উপজেলার গয়েশপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গয়েশপুর সীমান্তের ৬২ নম্বর মেইন পিলারের কাছে টহল দিচ্ছিল। এ সময় ৭-৮ জন চোরাচালানী অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের বাধা দেয়। এ ঘটনায় চোরাচালানীরা বিজিবিকে লক্ষ্য করে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহলরত বিজিবি সদস্যরা ধাওয়া করে এসময় ৪ চোরাচালানীকে আটক করে। আটককৃতদেরকে রাতেই জীবননগর থানায় সোপর্দ করা হয় এবং এ ব্যাপারে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।