বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়ার হোগলপাতি ও বারইখালী ইউনিয়নের সংযোগ খালের অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি পুলের ভগ্নদশার কারণে ৮ গ্রামের হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হোগলপাতি-বারইখালী সংযোগ খালের পুলটি দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে। যাতায়াত করে এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসা, হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত ছোট-বড় ছাত্র-ছাত্রীরা। পুলটি সম্প্রতি ভেঙ্গে যাওয়ায় এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসার এবতেদায়ী শাখার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু ছাত্ররা ক্লাসে আসা বন্ধ করে দিয়েছে। এখন ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর একমাত্র ভরসা নৌকা। নৌকায় যাতায়াত বিপদজনক বিধায় অভিভাবক মহল শিশু ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে ভয় পাচ্ছে। যেদিন নৌকা বন্ধ থাকে সেদিন ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠানে আসা বন্ধ থাকে।
নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান শরীফ আব্দুস ছালাম জানান, পুলটি পুনঃনির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান আউয়াল খান মহারাজ জানান, জনগুরুত্বপূর্ণ পুলটি সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদ থেকে একাধিকবার বরাদ্দ দেয়া হয়েছে।
