চুরির পোশাক পরে নিজেকে জাহির করতে যাওয়া উচিত নয়। বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের এক তরুণী। মরটিস বাটিকস্ নামের একটি স্টোর থেকে ডেনিয়েল নামের ২৭ বছর বয়সী ওই তরুণী চারটি পোশাক চুরি করেন। সেগুলো তার মনে এত ধরেছিল যে বাসায় নিয়ে পোশাকগুলো পরে নিজের ছবি তোলেন। ছবিগুলো এরপর ফেসবুকে শেয়ার করেন বন্ধুদের দেখানোর জন্য। এমনকি একটি পোশাক পরা ছবি তিনি প্রোফাইল ফটো হিসেবেও দেন।
অন্যদিকে, ওই দোকানের মালিকও কম যান না। তিনি চুরি যাওয়া পোশাকগুলোর ছবি ফেসবুকে পোস্ট করে দেন। ফেসবুক ব্যবহারকারীরা ডেনিয়েলের পরা পোশাকগুলোর সাথে এগুলো মিলিয়ে দেখে বুঝতে পারে তিনিই আসল চোর। পরে তারা ওই তরুণীর প্রোফাইল লিংক মরটিস বাটিকস্ এর পেজে পোস্ট করে দিলে দোকানের মালিক পুলিশকে খবর দেন। পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পোশাকগুলো উদ্ধার করে। -ইউপিআই
