ইসরাইলের চেয়েও ভয়াবহ আওয়ামী লীগ সরকার : ফখরুল

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২২:৫৭
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বর্তমান সরকার ইসরাইল সরকারের চেয়েও ভয়াবহ’ মন্তব্য করে বলেছেন, এ জুলুমবাজ সরকারের হাতে প্রতিনিয়ত খুন, গুম ও অপহরণের মতো জঘন্যতম কাজ বেড়েই চলছে। তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচারে মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশেও একইভাবে আওয়ামী লীগ সরকার মানুষ হত্যা করছে। তাই তাদের মধ্যে কোন পার্থক্য নেই। গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আয়োজিত ইফতার মাহফিল ও এতিম-দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পল্টনের লালুনা রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ওলামা দলের সভাপতি আবদুল মালেক প্রমুখ। ফখরুল বলেন, র্যাব বাহিনী বিলুপ্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ নামে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তিনি আরো বলেন, ৫ জানুয়ারির অবৈধ নির্বাচনে ৯৫ ভাগ লোক এ সরকারকে ভোট দেয়নি। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। তারা ক্ষমতা পাকাপোক্ত করতে এখন জনগণের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে।