কাস্টমস এলাকায় ব্যাংক ২৫ থেকে ২৮ জুলাই খোলা থাকবে

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২২:৫৭
ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৫ থেকে ২৮ জুলাই ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি কমলাপুর এবং ঢাকা শুল্ক স্টেশনসমূহে তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার জন্য গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ বিষযে এক নির্দেশনা জারি করেছে। তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) আবেদনের পরিপ্রেক্ষিতে কাস্টমস এলাকার তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিজিএমইএ-এর অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ২৫, ২৬ ও ২৮ জুলাই চট্টগ্রাম কাস্টমস হাউস ও ঢাকার কমলাপুর আইসিডিসহ সব কাস্টমস স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঐ তিন দিন দেশের সব কাস্টমস স্টেশন সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত এবং কাজে যোগদানকারী কর্মকর্তা বা কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।