ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত মালয়েশিয় বিমান এমএইচ১৭’র নিহত যাত্রীদের লাশ খারকিভ সরকারের কাছে হস্তান্তর করেছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। লাশগুলো নেদারল্যান্ডের উদ্দেশে গতকাল মঙ্গলবারই খারকিভ ত্যাগ করেছে। একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদীরা বিমানের উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সটিও মালয়েশিয় প্রতিনিধি দলের কাছে ফেরত দিয়েছে। খবর বিবিসির।
পূর্ব ইউক্রেনে মালয়েশীয় বিমান বিধ্বস্ত হবার ঘটনাস্থলে আন্তর্জাতিক তদন্তকারীদের অবাধ যাতায়াত নিশ্চিত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে এক প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাব পাসের কয়েক ঘণ্টা পর রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা বিধ্বস্ত বিমান এমএইচ-১৭’র দুটি ব্ল্যাকবক্স মালয়েশিয় বিশেষজ্ঞদের হাতে তুলে দেয়। এর সঙ্গে ককপিটে থাকা ভয়েস রেকর্ডারও রয়েছে। বিশেষজ্ঞ দলের নেতা জানিয়েছেন, ব্ল্যাকবক্স দুটি ভালো অবস্থায় রয়েছে। আর ব্ল্যাকবক্সের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত সময়, মাটি থেকে বিমানের উচ্চতা এবং বিমানটির প্রকৃত অবস্থান সম্পর্কে জানা যাবে যা থেকে দূর্ঘটনার কারণ জানা যাবে। এরপর বিদ্রোহীরা নিহতদের লাশগুলোও ফেরত দেয়। গতকালই লাশগুলো ইউক্রেনের খারকিভে পৌঁছায়। সেখান থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে লাশগুলো নিয়ে একটি বিশেষ বিমান খারকিভ ছাড়ে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে জানিয়েছেন, বুধবার (আজ) লাশগুলো নেদারল্যান্ডসে পৌঁছাবে। তিনি জানিয়েছেন, লাশগুলোর পরিচয় শনাক্ত করতে এক মাস সময় লেগে যেতে পারে।
নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাবে রাশিয়া ভোট দেবে কিনা তা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করলেও, শেষ পর্যন্ত প্রস্তাবের পক্ষেই ভোট দিয়েছে রাশিয়া। এর আগে বিচ্ছিন্নতাবাদীরা বিধ্বস্ত বিমান থেকে উদ্ধারকৃত মরদেহসমূহ তোরেজ থেকে খারকিভে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেছেন ঘটনাস্থলে যাবার ক্ষেত্রে অস্ত্রধারী বিচ্ছিন্নতাবাদীরা তদন্তকারীদের যে বাধা দিয়েছে , রাশিয়া সেটির নিন্দা জানালে এই প্রস্তাব পাশের কোন প্রয়োজন হতো না। গত বৃহস্পতিবার ২৯৮ জন আরোহী নিয়ে একটি মালয়েশিয়ান যাত্রীবাহী বোয়িং পূর্ব ইউক্রেনে বিধ্বস্ত হয়। এদের মধ্যে ১৯৩ জনই ডাচ নাগরিক।
