নির্দেশ না মানায় কক্সবাজারের ডিসিকে হাইকোর্টে তলব

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২৩:০১
আদালতের আদেশ প্রতিপালন না করায় কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রুহুল আমিনকে তলব করেছে হাইকোর্ট। আগামী ৯ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। কক্সবাজারের জিলংজা মৌজায় ৫৪ একর জমি বন বিভাগের। এটি ‘পরিবেশগত সংকটাপন্ন’ এলাকা হিসাবে চিহ্নিত। এই জমি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০০৬ সালে বরাদ্দ নেয়া হয়। পরবর্তীতে ওই বরাদ্দ বাতিল করা হয়। কিন্তু সেখানে কিছু নির্মিত স্থাপনা উচ্ছেদের নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে রিট আবেদন দায়ের করে। এই রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১১ সালের ৮ জুন হাইকোর্ট অবৈধ স্থাপনা এক মাসের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন। একইসঙ্গে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়। হাইকোর্টের ওই রায় বাস্তবায়ন না করে সেখানে সরকারি কর্মচারীদের আবাসন প্রকল্প নির্মাণ শুরু করা হয়। এরপর গত ৪ মার্চ হাইকোর্ট চার সচিব, কক্সবাজারের ডিসিসহ ১২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। এই রুলের জবাব না দেয়া, নির্মিত স্থাপনা অপসারণের আদেশ বাস্তবায়ন না করা এবং নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল ডিসির তলব চেয়ে আদালতে আবেদন করে বেলা। ওই আবেদনের পক্ষে এডভোকেট ইকবাল করিম লিটন শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট ডিসিকে তলব করে।