সাত খুনের ঘটনায় জবানবন্দি দিলেন ২ র্যাব সদস্য

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২৩:০২
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় আদালতে সাক্ষীর জবানবন্দি দিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী র্যাব-১১-এর সদস্য আবদুস সালাম ও আবদুস সামাদ। গতকাল মঙ্গলবার সকালে এ দুইজন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে সাক্ষ্য প্রদান করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, র্যাবের ওই দুইজন ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনা প্রত্যক্ষ করেছেন। দুইজনই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। এতে তারা পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন। এর আগে সেভেন মার্ডারের ঘটনায় ১৭ জুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন র্যাব-১১-এর চাকরিচ্যুত অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ। ৪ জুন র্যাব-১১-এর উপ-অধিনায়ক ও অবসরে পাঠানো মেজর আরিফ হোসেন এবং ৫ জুন নৌবাহিনীর কমান্ডার (অব.) এম এম রানাও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে খুনের দায় স্বীকার করেন।