নারায়ণগঞ্জ উপনির্বাচন

আচরণবিধি ভঙ্গের অভিযোগ থেকে দুই কর্মকর্তার নাম বাদ

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২৩:০৩
নারায়ণগঞ্জে উপনির্বাচনে আচরণবিধি ভঙ্গের জন্য অভিযুক্তদের তালিকা থেকে দুই জনের নাম বাদ দিয়ে তদন্ত প্রতিবেদন সংশোধন করা হয়েছে। এরা হলেন-সহকারী পুলিশ সুপার মো. বশির উদ্দিন ও র্যাব কর্মকর্তা মেজর সোহেল। নির্বাচনী তদন্ত কমিটির চেয়ারম্যান ও নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজ হাবিবা মণ্ডল বলেছেন, ‘মুদ্রন ক্রুটির’ কারণে তদন্ত প্রতিবেদনে ওই দুজনের নাম উঠে এসেছিল। গত সোমবার নির্বাচন কমিশনে এই সংশোধিত প্রতিবেদন পৌঁছায় বলে কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম জানান। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে আচরণবিধি ভঙ্গের জন্য অভিযুক্তদের তালিকায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম ও উল্লেখিত দু্জনসহ চারজনের নাম ছিল। তবে নতুন প্রতিবেদনে দুই কর্মকর্তার নাম বাদ দেয়া হয়েছে। ওই তদন্ত প্রতিবেদন কমিশন সভায় তোলা হবে জানিয়ে সচিব বলেন, সার্বিক বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে।