ইরাক থেকে দেশে ফিরেছেন আরো ৩০ বাংলাদেশি কর্মী। এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে গতকাল মঙ্গলবার রাতে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। সরকারি খরচে এসব বাংলাদেশিকে দেশে আনা হয়েছে।
এ বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার জানান, ইরাকে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে এ সকল বাংলাদেশি মসুল ও তিকরিত শহরে অসহায় অবস্থায় বাংলাদেশে প্রত্যাবাসনের অপেক্ষায় ছিল। ইরাকের ইরবিল বিমান বন্দর থেকে ৩০ বাংলাদেশি নাগরিককে সরকারি খরচে দেশে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ইরাকে বাংলাদেশ দূতাবাস তাদের ইরবিল বিমান বন্দরে নিরাপদ অবস্থান, থাকা-খাওয়া ও বিমান ভাড়াসহ বাংলাদেশে প্রত্যাবাসনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে। দূতাবাস জানিয়েছে এই প্রত্যাবাসনের পরে ইরাকের মসুল ও তিকরিতে আর কোন বাংলাদেশি নেই।
ইরাকে যুদ্ধাবস্থার পর ইরাক থেকে চলতি মাসে নিজ উদ্যোগে দেশে ফিরেছেন ৮৫ জন বাংলাদেশি। আর ১৯ জুলাই সরকারি ব্যবস্থাপনায় ১৫ জন ফেরেন। এছাড়া গত রবিবার দেশে আসেন আরো আটজন।
