গেমিং ট্যাবলেট ‘শিল্ড’ নিয়ে এল এনভিডিয়া

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ১৯:৫৬
সময়ের সাথে সাথে মোবাইল ডিভাইসের প্রতি মানুষের নির্ভরতা বাড়ছে। গেমিংয়ের জন্যও এখন সবাই মোবাইল ডিভাইসকেই বেছে নিতে শুরু করেছে। এমন সময়ে গেমিংকে উপজীব্য করে বিশেষ একটি ট্যাবলেট পিসি অবমুক্ত করেছে এনভিডিয়া। ‘শিল্ড’ নামের এই ট্যাবলেট পিসিকে এনভিডিয়া বলছে গেমিং ট্যাবলেট পিসি। এই ট্যাবের মধ্যে আস্ত একটি গেম কনসোল ইন্সটল রয়েছে বলে জানিয়েছে তারা। শুধু তাই নয়, জনপ্রিয় এই চিপ নির্মাতা এই গেমিং ট্যাবলেটে গেমিংয়ের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এর জন্য পৃথক একটি গেম কন্ট্রোলারও তৈরি করেছে। ৮ ইঞ্চি আকৃতির এই ট্যাবলেট পিসিতে ডেস্কটপ পিসি থেকেও গেম স্ট্রিমিং করা যাবে। গেমিংয়ের সুবিধাগুলো বাদ দিলেও অ্যান্ড্রয়েড ট্যাবলেট হিসেবে শিল্ড যথেষ্টই আকর্ষণীয়। এতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট, অর্থাত্ অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ। এর ডুয়াল ক্যামেরার দুটিই ৫ মেগাপিক্সেল রেজ্যুলেশনের। গেমিংয়ের অভিজ্ঞতাকে আকর্ষণীয় করে তুলতে এর ডিসপ্লে রাখা হয়েছে ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের আইপিএস প্যানেল। আবার ১২৮ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা থাকায় এর স্টোরেজ নিয়েও ব্যবহারকারীদের দুশ্চিন্তা করতে হবে না। তবে এই ট্যাবলেট পিসির মূল আকর্ষণ হিসেবে রয়েছে এনভিডিয়া টেগরা কে১ চিপ। ১৯২-কোরের অসামান্য জিপিইউ-সম্পন্ন (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) এই চিপ মোবাইল ডিভাইস এবং গেম কনসোলের মধ্যেকার বিরাজমান দূরত্ব অনেকটাই কমিয়ে নিয়ে আসবে বলে জানিয়েছে এনভিডিয়া। ইন্টারনেটে যুক্ত হতে এটি ওয়াই-ফাই ছাড়াও মডেলভেদে চতুর্থ প্রজন্মের এলটিই নেটওয়ার্ক সমর্থন করবে। প্রাথমিকভাবে ২৯ জুলাই থেকে শিল্ড ট্যাবলেট পিসির ১৬ জিবি স্টোরেজের ওয়াই-ফাই মডেলের প্রি-অর্ডারের সুযোগ উন্মুক্ত হচ্ছে। এনভিডিয়া এই মডেলের দাম রেখেছে ৩০০ ডলার। আর এর সাথের গেম কন্ট্রোলারটির মূল্য রাখা হয়েছে ৬০ ডলার।