বাবুগঞ্জের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:১২
বাবুগঞ্জে সুগন্ধা নদীর ভাঙ্গনের কবলে পড়ে একটি স্লুুইস গেট ও আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্রাবাসসহ ১৫টি গ্রামের অসংখ্য ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে চরসাধুকাঠী গ্রামে সুগন্ধা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা পানি উন্নয়ন বোর্ডের নির্মিত স্লুুইস গেট ভবনসহ ৫টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ টিপু সুলতান ওই ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে সরকারি স্থাপনা রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। এ ভয়াবহ ভাঙ্গনে এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে। অপর দিকে আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্রাবাস রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ নদীতে ফেলার কার্যক্রম শুরু করেছে। একইভাবে নদী বিলীন হওয়া পানি উন্নয়ন বোর্ডের ব্লকধারা নির্মিত ১৫ ফুট দীর্ঘ পাইলিং নদীগর্ভে বিলীন হয়ে হুমকির মুখে রয়েছে সৈয়দ মোশাররফ হোসেন একাডেমি ও একটি মসজিদ। গত বছর ধরে সুগন্ধা, আড়িয়াল খাঁ,সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর, কেদারপুর, দেহেরগতি, চাঁদপাশা, জাহাঙ্গীর নগর ইউনিয়নের ২০টি গ্রামের বৃহত্তম অংশ নদীগর্ভে বিলীন হয়ে সহস্রাধিক বসতবাড়ী ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাধ্যমিক, ১টি মাদ্রাসা, ৮টি মসজিদ বিলীন হয়ে গেছে। নদীরগর্ভে বিলীন হয়ে যাওয়া পরিবারগুলো এখন নিঃস্ব।