কুড়িগ্রামে বেতন বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:১৩
শ্রমিক ছাঁটাই বন্ধ কর, শ্রমিক স্বার্থ বিরোধী আইন বাতিল ও ঈদের আগে বেতন-বোনাস প্রদানের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ-মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিভিন্ন ক্ষুদ্র কারখানায় কর্মরত শ্রমিকদের সংগঠন ট্রেড ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকরা। বিক্ষোভে স্থানীয় গার্মেন্টস, বিড়ি ফ্যাক্টরি, স্পিনিং মিলের শ্রমিকরা অংশ নেয়। কুড়িগ্রামের দিনোবাজার এলাকা থেকে শ্রমিকদের বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধনে অংশ নেয়। পরে একটি প্রতিনিধি দল বকেয়া বেতন আদায় ও শ্রমিকদের বিরুদ্ধে মালিকের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি উপেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আনোয়ারুল ইসলাম রাজু, আক্তারুজ্জামান প্রমুখ। বক্তারা আসছে ঈদুল ফিতরের আগে তাদের বেতন বোনাস প্রদানসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।