মংলায় বসত বাড়ির পুকুরে মাছ চাষ ও পাড়ে সবজি চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছে শত শত নারী। এতে নারীরা আর্থিকভাবে লাভবানের পাশাপাশি তারা তাদের পরিবারের পুষ্টি চাহিদা মিটাতেও সক্ষম হচ্ছেন। আর নারীদের মাছ ও সবজি চাষের মধ্যদিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক। বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক’র (কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার) পরিচালনায় ‘ইউএসএআইডি’র অর্থায়নে ও ওয়ার্ল্ড ফিস সেন্টারের বাস্তবায়নে এবং ‘এআইএন’ (এ্যাকুয়াকালচার ফর ইনকাম এন্ড নিউট্রিশন) প্রকল্পের সহায়তায় ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের ২০টি জেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ প্রকল্পে মূল লক্ষ্য দেশের দুর্যোগপ্রবণ ও দারিদ্র্যপীড়িত এলাকার মানুষের বসত বাড়ির পুকুরে মাছ ও সবজি উত্পাদন বৃদ্ধির মাধ্যমে আয় বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন ও গ্রামীণ কর্মসংস্থান বাড়ানো।
এছাড়া এ প্রকল্পের কর্মীরা গর্ভবতী, প্রসূতি ও দুগ্ধদানকারী নারীর পুষ্টি ও যত্ন, শিশুর বাড়তি খাদ্যের নিয়মাবলী, খাদ্য, পুষ্টি, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয়ে নারী-শিশুদের সেবা দিয়ে যাচ্ছেন।
