থাইল্যান্ডের সেনাবাহিনীর এক কর্মকর্তা ঘোষণা দিয়ে জানিয়েছেন, সামরিক সরকার নতুন সংবিধানের অধীনে ক্ষমতায় থাকবে। আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন সেনাবাহিনীর প্রধান জেনারেল প্রায়ুথ চ্যান ওচা।
বুধবার এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তুলে ধরে আইন উপদেষ্টা উইসানু ক্রেনগাম বলেন, যতদিন না পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসছে ততদিন ক্ষমতায় থাকবে এই সরকার। কতদিন পর্যন্ত সামরিক সরকার ক্ষমতায় থাকবে এবং কবে নাগাদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সে ব্যাপারে কিছু বলেননি তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হচ্ছেন এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর প্রধান জেনারেল প্রায়ুথ চ্যান ওচার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে কোন বাধা নেই। তবে তাকে নিয়োগ দেয়া হবে কি হবে না তা নির্ভর করছে জাতীয় বিধান সভার ওপরে।
ঐ উপদেষ্টা আরো বলেন, সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের দুই দিন পূর্বে মার্শাল ল’ জারি করা হয়েছিল। অনির্দিষ্টকাল পর্যন্ত সামরিক সরকার ক্ষমতায় থাকবে। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করেই সরকার ক্ষমতা হস্তান্তর করবে।
ক্ষমতার অপব্যবহার করার অপরাধে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সাংবিধানিক আদালত। সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর ইংলাকের মন্ত্রিসভার অন্যদেরও প্রত্যাহার করা হয়। ইংলাক সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে রাজনৈতিক সংকট তৈরি হলে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী।
