কাজের পরিবেশে সৃজনশীলতা প্রকাশ ও তা তুলে ধরার কথা আমরা অনেকেই ভুলে যাই। বিশেষ করে কোনো গ্রুপের মাঝে কাজের সময় এ বিষয়টি বেশি ঘটে। এ সময় অন্যের ধারণা গ্রহণ করার চেয়ে গতানুগতিক কাজ করতেই আমরা আগ্রহী হয়ে উঠি। আর এ ধারা থেকে বেরিয়ে গিয়ে সৃজনশীলতা প্রকাশ করার জন্য সাতটি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।
কিছু বলার না থাকলে চুপ থাকুন
কোনো কিছু বলার না থাকলেও আপনার কিছু বলতেই হবে এমন কোনো কথা নেই। এ সময়টি ব্যবহার করুন সৃষ্টিশীল কোনো কাজে। যেমন অন্য ব্যক্তিদের লক্ষ্য করুন। তাদের অংশগ্রহণ থেকে কিছু শেখার চেষ্টা করুন। কক্ষের ভাবসাব বোঝার চেষ্টা করুন। এতে আদতে আপনার উপকার হবে।
ভালোভাবে অন্যের কথা শুনুন
অন্য মানুষ কি বলছে, তা শোনার জন্য মনোযোগী হোন। তাদের ধারণা আপনার মস্তিষ্কে স্থান দিন। আর এতে আপনার চিন্তাভাবনায় আগমন ঘটবে নতুন ধারণার। অন্যদের কথার শেষ অংশ সবচেয়ে মনোযোগের সাথে শুনুন। প্রায় সময়েই মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাই শেষে বলে।
নিজের সৃজনশীল আইডিয়ায় বিশ্বাসী হোন
আপনার মস্তিষ্কে বিচরণশীল নানা সৃজনশীল আইডিয়াকে হেলাফেলা করবেন না। এগুলোকে অতি মূল্যবান বিষয় হিসেবে বিবেচনা করুন। আপনার ছোট কিংবা বড় ধারণাই পরবর্তীতে বড় কোনো সাফল্য আনতে পারে। আর যদি মূল্যবান এ ধারণাগুলোকে হেলাফেলা করেন তাহলে তা অঙ্কুরেই বিনষ্ট হবে।
নিজেকে সন্তুষ্ট রাখুন
সৃজনশীলতা কৌতূহল ও নানা সমস্যা সমাধানে আপনার নিজের সামর্থ্যের ওপর নির্ভরশীল ও সন্তুষ্ট হতে শেখায়। আপনি যদি কোথাও শুধু নিজের কথাই বলেন, অন্যের কথা না শোনেন তাহলে তা ভালো ফল বয়ে আনে না। অন্যের কাছ থেকে কিছু গ্রহণ না করলে বুঝা যায় আপনি সৃজনশীলতার শেষ প্রান্তে চলে এসেছেন। নতুন আইডিয়া আর গ্রহণ করছেন না।
প্রতিটি আইডিয়াকেই ভালো আইডিয়া হিসেবে ধরুন
আপনার মাথায় আসা সব আইডিয়াকেই ভালো আইডিয়া হিসেবে বিবেচনা করুন। এর প্রতিটিকেই যথাসম্ভব গুরুত্ব দিয়ে উপস্থাপন করুন। কারণ কোন আইডিয়াটি শেষ পর্যন্ত সফল হবে তা আপনি আগে অনুমান নাও করতে পারেন। আর এ আইডিয়াগুলোকে বাস্তবায়নে যথাসম্ভব চেষ্টাও করতে হবে।
আপনার ধারণা বর্ণনা করুন, প্রশ্ন নয়
অন্যের কাছে আপনার ধারণা তুলে ধরতে হবে। একে যথাসম্ভব বোধগম্য হিসেবে বর্ণনা করতে হবে। যদি এ ধারণা বা আইডিয়াকে প্রশ্ন আকারে তৈরি করেন তাহলে তা কোনো কাজে আসবে না। আন্তরিকতার সঙ্গে অন্যের বোঝার উপযোগী হিসেবে তুলে ধরতে পারলে আপনার সৃজনশীল ধারণা অনেকদূর এগিয়ে যাবে।
সহকর্মীদের নতুন আইডিয়া গ্রহণ করুন
কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা বাড়িয়ে তোলার এটি অন্যতম উপায়। অন্যদের সৃজনশীল ধারণাকে গ্রহণ করা ও তা কাজে লাগানো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোনো প্রকল্পের সম্পূর্ণ অংশ কিংবা তার অংশবিশেষ সম্পন্ন করার জন্য দারুণ সব ধারণা সহকর্মীদের কাছ থেকে পাওয়া সম্ভব। আর এসব ধারণাকে কিছুটা পরামর্শ, উন্নয়ন ও সংযোজনের মাধ্যমে এগিয়ে নেওয়া সম্ভব।
