নেত্রকোনার হাওরে ট্রলারের ঢেউয়ে ভাঙ্গছে বাড়িঘর

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:৩৬
নেত্রকোনা জেলার হাওরগুলো এখন পানিতে টইটুম্বুর। চলছে ছোট বড় বিভিন্ন ধরনের ট্রলার বা ছোট-বড় নৌকা। তবে সবই ইঞ্জিন চালিত। ট্রলারে কোন হিসাব নেই সরকারের খাতায়। নেই কোন রাজস্ব আদায়। ট্রলারের ঢেউয়ে ভাঙ্গছে বাড়িঘর। নেত্রকোনার মদন উচিত্পুর থেকে খালিয়াজুরির জগন্নাথপুর, রসুলপুর, কৃষ্ণপুর, গাজিপুর এবং খালিয়াজুরিতে এখন যাতায়াতের একমাত্র বাহন এই ট্রলার। মোহনগঞ্জ উপজেলা সদর এবং বারহাট্টা সদর থেকে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয় এই ট্রলারে। নেত্রকোনা থেকে সুনামগঞ্জ জেলাতেও যেতে হলে লঞ্চ বা ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকা ছাড়া কোন উপায় নেই। হাওরবাসী কয়েকজন এ প্রতিনিধিকে জানান, যদি ঝড় বা মেঘলা দিন থাকে তখন এ সমস্ত যানবাহন চলাচল অনেক সময় বন্ধ হয়ে যায়। তখন তাদের দুর্ভোগে পড়তে হয়। সেদিন আর গন্তব্যে যাওয়া যায় না। কোন নিয়মনীতি না মেনে অনবরত ট্রলারের চলাচলের কারণে হাওর উপজেলাগুলো গ্রামগুলোর থেকে মাটি সরে যাচ্ছে। বিলীন হচ্ছে বাড়িঘর। এমনকি বেশ কিছু গ্রামও এখন হুমকির মুখে। গ্রামের লোকজন বাঁশ এবং চাটাই দিয়ে ঢেউয়ের কবল থেকে বাড়িঘর রক্ষার প্রাণান্তকর চেষ্টা করছেন। দু’একটি গ্রামে প্রটেকশন দেয়াল নির্মাণ করা হলে অনেক গ্রামে তা না থাকায় গ্রামগুলোর অস্তিত্ব এখন হুমকির সন্মুখীন। নেত্রকোনা জেলা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তারা জানান, হাওরের একমাত্র বোরো ফসল রক্ষার জন্য বাঁধ নির্মাণ করা হলেও বাড়িঘর রক্ষার জন্য অদ্যাবধি কোন উদ্যোগ নেয়া হয়নি।