গাজীপুরের কালীগঞ্জে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাঙচুর এবং দুই শিশুসহ ৪ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গতকাল বুধবার সকালে নাগরী ইউনিয়নের বাগদী গ্রামের মৌটুসী ডেকোরেটরের মালিক মো. জয়নাল মোল্লার বাড়িতে পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় ইউপি মেম্বর মনির হোসেনের ভাই মহসিনের নেতৃত্বে বাড়ির গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরের আলমারি, শোকেচ, টিভি, আসবাবপত্র ও বিভিন্ন তৈষজপত্র ভাঙচুর করা হয়।
এ সময় বাড়িতে থাকা জয়নাল মোল্লার দুই পুত্রবধূ সামসুন্নাহার ও নাদিরা বেগম বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদের মারধর করে।
ঘরে থাকা দুই অবুঝ শিশু রিতু ও মিম্বাও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পায়নি। এক পর্যায়ে তিন বছরের শিশু কন্যা রিতুকে সন্ত্রাসীরা আঁছাড় মেরে আহত করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকে গুলি করার হুমকি দেয় বলে জানা যায়। পরে সন্ত্রাসীদের তান্ডবলীলা প্রত্যক্ষ করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। তবে পুলিশ আসার আগেই সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে সদর্পে চলে যায়।
