তিনস্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
নবীনগরে একজন খুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তের হামলায় আহত সাধন মিয়া (৫০) নামে এক ব্যক্তি গত মঙ্গলবার চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। গত সোমবার রাতে একই গ্রামের আলামিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ মিয়া বাদী হয়ে আটজনের নামে মামলা করেন।
নান্দাইলে একজনকে
শ্বাসরোধে হত্যা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালেঙ্গা বাজার এলাকার একটি বিল থেকে গতকাল বুধবার সকালে শফিকুল ইসলাম ওরফে শবি (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনদিন আগে শফিকুল ইসলাম জেল থেকে বাড়ি আসেন। গত মঙ্গলবার রাতে কতিপয় দুর্বৃত্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। লাশের পাশে একটি গামছা পেছানো ও তিন জোড় জুতা রয়েছে। নিহতের মুখ মাটি ভর্তি ছিল। শফিকুলের মোবাইল সেট ও ১৫শ’ টাকা দুর্বৃত্তরা নেয়নি। নান্দাইল মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুর্বৃত্তদের সনাক্তের চেষ্টা চলছে।
গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় নিহত ১
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গত মঙ্গলবার রাতে শ্রী রতন চন্দ্র (২০) নামে এক যুবক নিহত ও তার বড় ভাই শ্রী বিপুল চন্দ্র গুরুতর আহত হয়েছেন। নিহত রতন চন্দ্র তুলসীঘাট ছামছুল হক ডিগ্রী কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই ওই গ্রামের নজরুল ইসলাম (৩৫) ও রঞ্জু মিয়া (৩০) নামের দুইজনকে আটক করেছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, রাতে নিজ ঘরে দুই ভাই ঘুমিয়েছিল। এ সময় ১০-১২ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করে। তাদের চিত্কারে বাড়ির লোকজন টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত বিপুল চন্দ্রকে উন্নত চিকিত্সার জন্য বুধবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাদুল্যাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত পুলিশ তাদের গ্রেফতারে চেষ্টা করছে।
