নারায়ণগঞ্জে আলোচিত এবি সিদ্দিকের গার্মেন্টে শ্রমিক অসন্তোষ

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:৩৮
নারায়ণগঞ্জের সেই আলোচিত এবি সিদ্দিকের মালিকানাধীন গার্মেন্ট হামিদ ফ্যাশনে গত মঙ্গলবার বিকাল ৪টা থেকে শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে। এ সময় তারা আধাঘণ্টা ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।ফতুল্লার দাপায় অবস্থিত হামিদ ফ্যাশনের নিটিং সেকশনের শ্রমিক মো. ইয়াসিন জানান, প্রতিষ্ঠানটিতে ২ হাজার শ্রমিক কর্মরত রয়েছে। কিন্তু মালিকপক্ষ বোনাস দিতে রাজি হচ্ছে না। প্রতিষ্ঠানটির মালিক এবি সিদ্দিককে নারায়ণগঞ্জে আসতে বারণ করেছে পুলিশ প্রশাসন। এ কারণে তারা আন্দোলনে নেমেছেন। অপারেটর শেখ সেলিম জানান, গত ১৬ এপ্রিল যখন বেলার নির্বাহী পরিচালক রিজওয়ানার স্বামী হামিদ ফ্যাশনের মালিক এবি সিদ্দিক অপহরণ হয়েছিল। তখন আমরা শ্রমিকরা তার সন্ধানের দাবিতে আন্দোলন করেছিলাম। আজকে সেই মালিকের বিরুদ্ধেই আমাদের আন্দোলন করতে হচ্ছে। নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আহমেদ জানান, সমস্যা সমাধানের আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।