জাতীয় পার্টি (জেপি) খুলনা মহানগরীর উদ্যোগে গত মঙ্গলবার এক আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। নগরীর অস্থায়ী অফিসে অনুষ্ঠিত ‘মাহে রমজানের সামাজিক গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির মহানগর কমিটির আহবায়ক এম.এস রাশিদা করিম। সভায় প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফ শফিকুল হামিদ চন্দন।
সভায় বক্তারা বলেন, পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নির্দেশে খুলনা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন এবং দলকে অবিলম্বে আরো গতিশীল ও গণমুখি করে তোলার জন্য স্থানীয় নেতাকর্মীরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের এ দলের সঙ্গে সম্পৃক্ত করে অচিরেই একটি শক্তিশালী মহানগর কমিটি গঠন করা সম্ভব হবে বলে বক্তারা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন। বক্তৃতা করেন চৌধুরী হাবিবুর রহমান, কাজী মাসুদ আহমেদ, অধ্যাপক মোশারেফ হোসেন, সম হাফিজুল ইসলাম, মোঃ রেজাউল করিম, ডাঃ এম.এন আলম, নূরুল ইসলাম, ক্বারী আবুল খায়ের, অ্যাডভোকেট বাহালুল করিম, আবু ফয়সাল লিমন, এসএম সোহান, ইকরামুল কবীর, সাহিদা বেগম প্রমুখ। পরে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
