ডুবোচরে ফেরি আটকা, পারের অপেক্ষায় পাঁচশ ট্রাক

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২২:৩৬
ডুবোচরের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে স্বাভাবিক ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নদীপারের অপেক্ষায় দৌলতদিয়ায় আটকে পড়েছে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক। গতকাল বুধবার বেলা ১০টার দিকে দৌলতদিয়া অ্যাপ্রোচ চ্যানেলে যানবাহন বোঝাই রোরো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ডুবোচরে আটকে পড়ে। আড়াই ঘন্টা চেষ্টার পর দুপুর সাড়ে ১২টার দিকে ফেরিটি উদ্ধার করা হয়। এতে করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে নদী পার হতে আসা ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে । বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, নদীতে পানির গভীরতা ও স্রোত বেড়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পলি ও বালু জমে চ্যানেলে প্রবেশপথ ভরাট হয়ে যাচ্ছে। সৃষ্টি হয়েছে অসংখ্য ডুবোচর। ফলে যানবাহন বোঝাই ফেরিগুলো চলাচল করতে গিয়ে তা ডুবোচরে আটকা পড়ছে। বুধবার বেলা ১০টা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ রোরো ফেরি পাটুরিয়াঘাট থেকে যানবাহন বোঝাই করে ছেড়ে আসে। ফেরিটি দৌলতদিয়া অ্যাপ্রোচ চ্যানেলে পৌঁছাতেই তা ডুবোচরে আটকে যায়। পরে উদ্ধারকারী জাহাজ আইটি ইংল্যান্ড ট্রাক গিয়ে আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করা সম্ভব হয়। সংশ্লিষ্টরা জানান, ডুবোচরের কারণে এই রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি সাবধানে ধীরগতিতে ফেরি চালাতে গিয়ে স্বাভাবিক ফেরি পারাপারে সময় লাগছে দ্বিগুণ। ফেরির ট্রিপ আগের চেয়ে কমে গেছে। সরেজমিন দুপুরে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ ৫ শতাধিক পণ্যবাহী ট্রাকের সিরিয়াল। যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করায় চরম ভোগান্তিতে পড়েছেন আটকে পড়া ট্রাকের চালক ও হেলপাররা। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম বলেন, ডুবোচরে আটকে পড়ার কারণে এই রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ট্রাক আটকে পড়ছে। রুটে ফেরি বহরে ১৪টি ফেরি সচল থাকায় দ্রুতই আটকে পড়া যানবাহনগুলো নদী পার করা সম্ভব হবে।