ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত নভেম্বর ও ডিসেম্বরে কী আন্দোলন দেখেছেন? ঈদের পর আন্দোলন উত্তাল হয়ে ওঠবে, তাতে আপনারা ভেসে যাবেন। এখনও সময় আছে, জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিন।
জাতীয় প্রেস ক্লাবে গতকাল ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ‘বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট আজাহারুল ইসলাম।
মির্জা ফখরুল বলেন, এখন দেশে একদলীয় শাসন চলছে। শহর কেন্দ্রিক আন্দোলন করে সরকারের পতন হবে না। গ্রাম থেকে গ্রামে আন্দোলন ছড়িয়ে দিতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত হবে। তিনি বলেন, আওয়ামী লীগ একদলীয় শাসন পছন্দ করে।
