পূর্ব ইউক্রেনে নিহত মালয়েশিয়া এয়ালাইন্সের বিমানযাত্রীদের লাশ নেদারল্যান্ডসে পৌঁছেছে। বুধবার ইউক্রেন সেনাবাহিনীর দুটি বিশেষ বিমান লাশগুলো নিয়ে পৌঁছে। লাশবাহী বিমান পৌছানোর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ডাচ বিশেষজ্ঞরা মরদেহগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। লাশ দেশে পৌঁছার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। শোকাহত স্বজনরা মাতম করতে থাকেন। তবে কেবল ২০০ টি লাশ সনাক্ত করা সম্ভব হয়েছে। কিছু লাশ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় ডিএনএ টেস্ট ছাড়া তাদের পরিচয় খুঁজে পাওয়া দুষ্কর হবে।
৬ দিন আগে ইউক্রেনের বিদ্রোহী অধিকৃত পূর্বাঞ্চলীয় এলাকায় ভূপাতিত হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী ফ্লাইট এমএইচ১৭। উড়োজাহাজটি নেদারল্যান্ডের আমস্টার্ডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাচ্ছিলো। ১৭ জুলাই বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে ২৯৮ জন আরোহী ছিলো, যাদের বেশিভাগই ডাচ নাগরিক। নিহত আরোহীদের স্মরণে ডাচ সরকার বুধবারকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। এছাড়া বিধ্বস্ত উড়োজাহাজের ফ্লাইট ডাটা রেকর্ডার মালয়েশীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ডাচ কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দাবি করেছেন রুশপন্থি বিদ্রোহীরা উড়োজাহাজটিকে ভুলবশত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভূপাতিত করেছে।
