দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর বাংলালিংক সিএসআর প্রজেক্টের অংশ হিসেবে সম্প্রতি ঢাকার তেজগাঁয়ে ১ নং রেলগেইট এলাকার রহমত ই আলম ইসলাম মিশন এতিমখানায় ইফতার ও নৈশভোজের আয়োজন করে। এই প্রজেক্টের আওতায় বাংলালিংক দেশের ৪২টিরও বেশি জেলার প্রায় ৯৪টি এতিমখানার ১২ হাজারের মতো এতিম শিশুর জন্য ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে। প্রতিষ্ঠানটি এদেশের মুসলমান সম্প্রদায়ের জন্য বিশেষ কিছু করার অংশ হিসেবে ২০০৯ সাল থেকেই এতিম শিশুদের জন্য এ আয়োজন করে আসছে।
বাংলালিংকের সিইও জিয়াদ সাতারা বলেন, সুবিধাবঞ্চিত মানুষদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখাকে নিজেদের দায়িত্ব বলে মনে করে বাংলালিংক। পবিত্র রমজান মাস আমাদের সামনে এমন এক জীবনের সওগাত এনে দেয় যখন আমরা অন্যদের সাথে আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাই। উল্লেখ্য, বাংলালিংকের প্রায় ২ কোটি ৯০ লাখের মত গ্রাহক রয়েছে। প্রতিষ্ঠানটি নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। —প্রেস বিজ্ঞপ্তি
