২৮ আইজিডব্লিউ’র কাছে ৭শ কোটি টাকা বকেয়া

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২২:৪৯
২৮টি আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠানের কাছে চলতি বছরের জুন পর্যন্ত ৭০০ কোটি ৬৭ লাখ টাকা রাজস্ব পাওনা রয়েছে সরকার। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়েছে। রাজস্ব আদায় নিশ্চিত করতে আইজিডব্লিউ প্রতিষ্ঠানগুলোর কল নিরীক্ষার সুপারিশ করেছে কমিটি। বৈঠক শেষে কমিটির সভাপতি ইমরান আহমদ সাংবাদিকদের বলেন, বেশকিছু আইজিডব্লিউ প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির অনেক পাওনা বকেয়া রয়েছে। বিষয়গুলো যখন আদালতে যায় তখন সরকারের রাজস্ব আদায়ে বিলম্ব হয়। কল অডিট প্রক্রিয়া থাকলে এই বিরোধ হতো না, রাজস্বও নিয়মিত পাওয়া যেত। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানায়, ২০১৩-১৪ অর্থবছরে ২৮টি আইজিডব্লিউ প্রতিষ্ঠানের কাছ থেকে রাজস্ব বাবদ সরকার পেয়েছে এক হাজার ২৩৬ কোটি ৬১ লাখ টাকা। আর বার্ষিক লাইসেন্স ফি বাবদ আদায় হয়েছে ১৩৮ কোটি ৭৫ লাখ টাকা। সংসদের গণসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজস্ব আদায় বৃদ্ধি ও অবৈধ ভিওআইপি কার্যক্রম বন্ধে আন্তর্জাতিক কলের নিরীক্ষার পাশাপাশি ‘এয়ার টাইম অডিট’ ও ‘সিম বক্স ডিটেক্ট’ করার জন্য বিটিআরসিকে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে বৈঠকে। ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, শরীফ আহমেদ, শেখ আফিল উদ্দিন এবং হোসনে আরা লুত্ফা ডালিয়া অংশ নেন। বিজেএমসির সম্পত্তি বিক্রির ক্ষমতা মন্ত্রণালয়কে দেয়ার সুপারিশ এদিকে, গতকাল বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিজেএমসি ও বিটিএমসি’র সরকারি সম্পত্তি বিক্রির এখতিয়ার প্রাইভেটাইজেশন কমিশনের পরিবর্তে মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে কমিটি বিটিএমসি এবং বিজেএমসির অবৈধভাবে দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধারেও দ্রুত পদক্ষেপ নিতেও তাগিদ দিয়েছে। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, মির্জা আজম, বেগম মুন্নুজান সুফিয়ান, আব্দুল মজিদ মণ্ডল ও ডা. এনামুর রহমান।