সর্বহারা পরিচয়ে বরিশালে ব্যাংক কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২২:৫১
জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপকসহ একাধিক শাখা ব্যবস্থাপককে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) নেতা পরিচয় দিয়ে মোবাইল ফোনে চাঁদা দাবি করে হুমকি প্রদর্শন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে থানায় সাধারণ ডায়েরি করা হয়। নগরীতে জনতা ব্যাংকের নতুন বাজার শাখার ব্যবস্থাপক তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১১ টা ২০ মিনিটের দিকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একটি বাংলালিংক নম্বর থেকে ফোন আসে। ফোনের অপরপ্রান্ত থেকে নিজেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড দাবি করে তার নেতার সাথে কথা বলতে বলেন। এ সময় অপর এক ব্যক্তি নিজেকে সর্বহারা দলের কমান্ডার দাবি করে বলেন, তার দলের কিছু ছেলের অবস্থা খারাপ, তাদের সাহায্য করতে হবে বলে টাকার প্রয়োজন। টাকা না দিলে দেখে নেয়ারও হুমকি দেয়া হয়। তিনি আরো জানান, নগরীর নতুনবাজার এবং জেলার কলসকাঠী, টরকী, বাকেরগঞ্জ ও শরিকল শাখা ব্যবস্থাপকদের একই দিনের বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে হুমকি প্রদর্শন করা হয়েছে। জনতা ব্যাংক বরিশাল কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক মো. আলতাফ হোসেন জানান, তাকেও হাত কাটা বিপ্লব নামে একজন মোবাইল ফোনে হুমকি প্রদর্শন করে। বিষয়টি কোতয়ালী মডেল থানা পুলিশকে জানানো হয়েছে। এছাড়া নগরীর বাইরের যেসব কর্মকর্তাকে হুমকি দেয়া হয়েছে তারাও বিষয়টি স্থানীয়ভাবে থানা পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় পৃথকভাবে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।