উখিয়ার হাট-বাজারে স্থায়ী ব্যবসায়ীদের দোকানে ভেজাল সেমাই মজুদ করে বাজারজাত করছে কতিপয় অসাধু ব্যবসায়ীরা। কেজি প্রতি ২/৩ টাকা কম পাওয়ার কারণে ক্রেতারা হামাগুড়ি দিয়ে কিনছে ভেজাল সেমাই।
ঈদ বাজারে বাড়তি আয়ের সুযোগে এক শ্রেণীর মৌসুমী সেমাই ব্যবসায়ী উখিয়ার অলি-গলি ও ফুটপাতে অহরহ খোলামেলাভাবে ভেজাল সেমাই বিক্রি করতে দেখা গেছে। হলুদ, লাল, নীল বর্ণের বিভিন্ন ক্ষতিকারক রং মেশানো এসব সেমাই ক্রেতাদের আকৃষ্ট করলেও স্থানীয় চিকিত্সকেরা বলছেন, এসব সেমাই মানবদেহের জন্য ক্ষতিকারক। বাজারের মৌসুমী সেমাই বিক্রেতা নুরু জানান, সে পাইকারী ব্যবসায়ীদের নিকট থেকে ১/২ ঝুড়ি করে সেমাই কিনে তা বাজারে বিক্রি করে কেজি প্রতি ৩/৪ টাকা লাভ করেন। এসব সেমাই ভাল না খারাপ তা তার জানা নেই। বাজারের পাইকারী ব্যবসায়ী তপন বিশ্বাসের দোকানে গিয়ে দেখা যায়, দোকানের বাহিরে ও ভিতরে টন টন সেমাই মজুদ রাখা হয়েছে। চাঁদের গাড়িতে করে কিছু কিছু সেমাই খুচরা বিক্রির নাম ভাঙ্গিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে স্থানীয় কয়েকজন জানালেন। এ ব্যাপারে আলাপ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, ভ্রামম্যাণ আদালতের মাধ্যমে এসব অসাধু ব্যবসায়ীকে শায়েস্তা করার জন্য আজ থেকে মাঠে থাকবে বাজার মনিটরিং কমিটি ও ভ্রাম্যমাণ আদালত।
