পৃথক ঘটনায় নিহত ছয়

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২০:৪৮
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ছয়জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। মোরেলগঞ্জে নিহত এক মোরেলগঞ্জ বাগেরহাট আঞ্চলিক মহাসড়কে গত বুধবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে মিরাজ (২২) নামে এক ব্যীক্ত ঘটনাস্থলে নিহত হন। এ সময় আরো ৬ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার ওসি আসলাম খান জানান, গাড়িটি আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। ওসমানীনগরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার সিলেটের ওসমানীনগর ব্রাহ্মণ গ্রাম এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে । গোবিন্দগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার গোবিন্দগঞ্জের বার্ণা চন্দ্র শেখর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে বিউটি মোহন্ত (৫৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার ওসি মেহেদী রাসেল জানান, ওই গৃহবধূ মস্তিষ্ক বিকৃতির কারণে আত্মহত্যা করেছে। ইটনায় লাশ উদ্ধার কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাজারিকান্দা গ্রাম থেকে নিখোঁজের চার দিন পর গতকাল বৃহস্পতিবার মর্জিনা (৪) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১৯ জুলাই সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ হয়। গত বুধবার বিকালে পাশের রিয়াজউদ্দিনের বাড়ির খড়ের স্তুপের নিচ থেকে দুর্গন্ধ বের হওয়ার পর পুলিশকে খবর দেয়া হয়। ইটনা থানার এসআই মো. সুজন হক জানান, লাশ পচে যাওয়ায় শরীরে আঘাতের কোন চিহ্ন আছে কিনা বোঝা যায়নি। হরিণাকুন্ডুতে লাশ উদ্ধার ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কেসমত ঘোড়াগাছা গ্রামের পাট ক্ষেত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। হরিণাকুন্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরি জানান, ১৫/ ১৬ দিন আগের লাশ হবে। গলায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, পাট ক্ষেতের ভিতর এনে গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। নান্দাইলে এক ব্যক্তির বিষপানে আত্মহত্যা ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাঁশহাটি গ্রামে পারিবারিক কলহের জেরে গত বুধবার রাতে আ. খালেক (৩০) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেন। বাঁশহাটি গ্রামের সোলেমান হোসেনের ছেলে আ. খালেক আখ ক্ষেতে গিয়ে বিষ পান করেন। প্রথমে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাতে মারা যান।