ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষিকাকে হত্যাসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
নবীনগরে শিক্ষিকার লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদী থেকে গতকাল বৃহস্পতিবার সকালে হাত পা বাঁধা শারমিন আক্তার (২৩) নামে এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শারমিনের সাবেক স্বামী আনোয়ার হোসেন ও তার ভাসুর আমির হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। তদন্তকারী কর্মকর্তা এসআই কাউসার জানান, নিহতের মাথায়, পিঠে ও যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে।
দেবিদ্বারে গৃহবধূর লাশ উদ্ধার
কুমিল্লার দেবিদ্বারের কুরাখাল গ্রামের ব্রিজের নিচ থেকে গত বুধবার রাতে হাত-পা বাঁধা আলেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, গত সোমবার আলেয়া বেগম তার বোনের বাড়ি কাঁচিসার গ্রামে যায়। মঙ্গলবার ভোরে সেহরি শেষে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলেও সে বাড়ি ফিরেনি। দেবিদ্বার থানার এস.আই শ্যামল চক্রবর্তী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
জগন্নাথপুরে সংঘর্ষে নিহত এক
সুনামগঞ্জের উপজেলার শাহারপাড়া গ্রামে বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে হাফিজুর রহমান কামালী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, শাহারপাড়া গ্রামের হাফিজুর রহমান ও নজরুল ইসলামের মধ্যে বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে বাক-বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেলের আঘাতে হাফিজুর রহমান কামালী গুরুতর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
ডিমলায় গৃহবধূকে হত্যার অভিযোগ
নীলফামারীর ডিমলা উপজেলার শোবাহানগঞ্জ গ্রামে পারিবারিক কলহের জেরে গত বুধবার রাতে জনতা রাণী দাস (২৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের পর জনতা জ্ঞান হারিয়ে ফেলায় ডিমলা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। এলাকাবাসী জানান, যৌতুকের জন্য প্রায়ই শ্বশুর বাড়ির লোকজন জনতাকে মারধর করত। নিহতের বাবা সুনিল দাস বলেন, শারীরিক নির্যাতনের ফলে জনতার মৃত্যু হয়েছে।
ডিমলা থানার ওসি শওকত আলী জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের বাবা ১১ জনকে আসামি করে থানায় মামলা করেন। ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে
