নাইজেরিয়ায় অপহূত স্কুলছাত্রীদের মুক্ত করতে সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা ব্যক্ত করলেন দেশটির প্রেসিডেন্ট গুডলাক জনাথন। গত মঙ্গলবার এই প্রথমবারের মত ছাত্রীদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত্কালে প্রেসিডেন্ট একথা বলেন। পালিয়ে আসা শিক্ষার্থী ও অপহূতদের পিতামাতার সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, পালিয়ে আসা শিক্ষার্থীদের বর্ণনা শুনে প্রেসিডেন্ট তাদের সতীর্থদের মুক্তি এবং নারীর শিক্ষার পথ আরো নিশ্চিত ও সুগম করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া বোকো হারামের হাতে আটককৃত ছাত্রীদের জীবিত উদ্ধার করে আনাই তার সরকারের এখন প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট। এ বৈঠকে অপহূতদের পরিবারের ১৭৭ জন সদস্য প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে আসেন।
