একীভূত সংস্করণের দিকে যাচ্ছে উইন্ডোজ!

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:২০
বিশ্বব্যাপী পিসি অপারেটিং সিস্টেম হিসেবে প্রশ্নাতীতভাবেই সবচেয়ে এগিয়ে মাইক্রোসফটের উইন্ডোজ। পিসির বাইরে এসে অবশ্য স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতে তেমন একটা সুবিধা করতে পারেনি তারা। তারপরেও উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম দিয়ে স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মাইক্রোসফট। আবার গেম কনসোল হিসেবে এক্সবক্সের জন্যও রয়েছে তাদের আলাদা অপারেটিং সিস্টেম। ফলে একদিকে পিসি ও ট্যাবলেট পিসির জন্য উইন্ডোজ এবং উইন্ডোজ আরটি, মোবাইলের জন্য উইন্ডোজ ফোন এবং এক্সবক্সের জন্য এক্সবক্স অপারেটিং সিস্টেমকে আলাদা আলাদা করে পরিচালনা করতে হয় মাইক্রোসফটকে। কিন্তু দিন দিন যেভাবে বিভিন্ন ডিভাইসের মধ্যে পার্থক্য কমে আসছে, তাতে অপারেটিং সিস্টেমগুলোকেও একীভূত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ডেভেলপাররা। এর ধারাবাহিকতায় মাইক্রোসফট নিজেও তাদের ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের অপারেটিং সিস্টেমগুলোকে একীভূত করার দিকে মনোযোগী হয়েছে। মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা নিজেই সম্প্রতি তাদের এই প্রচেষ্টার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তিনি জানান, উইন্ডোজের পরবর্তী সংস্করণে তারা উইন্ডোজের তিনটি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের সংস্করণকে একত্রিক করে তোলার চেষ্টা করছেন। তবে তার মানে অবশ্য এই না যে একই উইন্ডোজ সংস্করণ ব্যবহূত হবে পিসি, মোবাইল বা এক্সবক্সে। নাদেল্লাসহ মাইক্রোসফটের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাবৃন্দের থেকে যে ধরনের ব্যাখ্যা পাওয়া গেছে তাতে জানা যায়, এখন থেকে একটিমাত্র দল উইন্ডোজের সবগুলো সংস্করণ নিয়ে কাজ করবেন। তাতে করে উইন্ডোজের ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের সংস্করণগুলোর মধ্যে সিনক্রোনাইজেশন আগের চেয়ে সহজ ও উন্নত হবে। আর উইন্ডোজের সব ধরনের অ্যাপ্লিকেশনের জন্যও থাকবে একটিই স্টোর। অ্যাপসগুলোও একইসাথে ভিন্ন ভিন্ন সংস্করণে কাজ করবে। উইন্ডোজের ভিন্ন ভিন্ন ডিভাইস ব্যবহারকারীদের জন্য এটি আশির্বাদ হয়েই আসবে বলে মনে করছে মাইক্রোসফট।