এল ক্লাসিকো দিয়েই শুরু সুয়ারেজের!

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:২৪
লা লিগার নতুন মৌসুমের সূচি ঘোষণা করা হয়েছে গতকাল। ঘোষিত ২০১৪-১৫ মৌসুমের সূচি অনুযায়ী শুরু হতে যাওয়া মৌসুমে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মধ্যকার প্রথম এল ক্লাসিকোটা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। ফলে নিশ্চিত হয়ে যাচ্ছে লা লিগায় নিজের প্রথম এল ক্লাসিকোতে খেলতে কোন বাধা থাকছে না লুইস সুয়ারেজের। আরেকটু নির্দিষ্ট করে বললে বলা যায়, এল ক্লাসিকো দিয়েই নিজের বার্সেলোনা ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন সুয়ারেজ! স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ) নিশ্চিত করে জানিয়েছে, ২৬ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোটি অনুষ্ঠিত হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। ফিরতি এল ক্লাসিকোটি অনুষ্ঠিত হবে আগামী বছরের মার্চ মাসের ২২ তারিখ বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে। মজার ব্যাপার হচ্ছে, আগামী ২৪ অক্টোবর ফিফার দেয়া নিষেধাজ্ঞা শেষ করছেন সুয়ারেজ। আর ঐদিনই মাদ্রিদের উদ্দেশে বিমান ধরবে কাতালানরা। যদি নতুন কোন বিতর্কে না জড়ান কিংবা চোটের শিকার না হন, তাহলে নিশ্চিতভাবেই সেই বিমানের যাত্রী হচ্ছেন সুয়ারেজও। কারণ, দীর্ঘ নিষেধাজ্ঞার পরে মৌসুমের অন্যতম বড় ম্যাচে নিশ্চয়ই নিজেদের সেরা অস্ত্রটির সেবা থেকে বঞ্চিত হতে চাইবে না কাতালানরা। সুয়ারেজের শাস্তির মেয়াদ শেষ হয়ে যেতে পারে আগেও। কারণ, কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) ইচ্ছা করলে লুইস সুয়ারেজের চার মাসের বহিষ্কারাদেশের সময় কমিয়ে আনতে পারে। ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালিয়ান ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনিকে কামড়ানোর দায়ে ফিফা ২৭ বছর বয়সী এই উরুগুয়ের স্ট্রাইকারকে নয় ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি চার মাস সবধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করে। যদিও প্রাথমিকভাবে এই শাস্তির বিরুদ্ধে করা আপীল নাকচ করে দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। এরপরেও সুয়ারেজকে আট কোটি ৮০ লাখ ইউরোর বিনিময়ে দলভুক্ত করে বার্সেলোনা। যদিও বহিষ্কারাদেশের কারণে এখনো আনুষ্ঠানিকভাবে সুয়ারেজকে সামনে আনতে পারেননি কাতালান জায়ান্টরা। তবে বার্সেলোনা সিদ্ধান্ত নিয়েছে, সুয়ারেজের এই শাস্তির বিপক্ষে সিএএস বরাবর আপীল করার। সিএএস’র সূত্রমতে জানা গেছে, ফিফা যেহেতু সুয়ারেজের শাস্তি বহাল রেখেছে তাই তার চার মাসের বহিষ্কারাদেশের মেয়াদ হয়ত কমতে পারে। সিএএস’র সেই ক্ষমতা আছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। সূত্রমতে, বহিষ্কারাদেশ উরুগুয়ের জাতীয় দলের ক্ষেত্রে প্রযোজ্য, বার্সেলোনার নয়। সিএএস বিশ্বাস করে, সব মিলিয়ে সুয়ারেজের শাস্তির মাত্রা অত্যধিক হয়ে গেছে। বহিষ্কারাদেশের শর্তানুযায়ী উরুগুয়ের এই তারকা তার নতুন সতীর্থদের সাথে অনুশীলনের কোন সুযোগ পাবেন না, এমনকি ক্যাম্প ন্যুতেও ঢুকতে পারবেন না। ব্রাজিলের ঐ ঘটনার সাথে সাথে সুয়ারেজ ক্ষমা চেয়েছেন। একইসাথে তাকে ফিফা কর্তৃক জরিমানাকৃত ১ লাখ সুইস ফ্যাংকও (৮২ হাজার ইউরো) গুনতে হয়েছে। নতুন মৌসুমে শক্তি বাড়ছে রিয়ালেরও। এরই মধ্যে বার্নাব্যুর ক্লাবটি বিশ্বকাপ জয়ী টনি ক্রুস এবং ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী জেমস রড্রিগেজকে চুক্তিবদ্ধ করিয়েছে তারা।