গৌরনদীতে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:২৮
গতকাল বৃহস্পতিবার গৌরনদী ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযান চালিয়ে গৌরনদী হাসপাতালের সামনে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ৪টিতে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় অভিযানের খবর পেয়ে আরো ৮টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার তালাবদ্ধ করে মালিকেরা পালিয়ে যায়। গৌরনদী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলা সদরের প্রায় ২০টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবৈধভাবে গড়ে ওঠা লাইসেন্সবিহীন সেবা ডায়াগনস্টিক সেন্টার, শাপলা ডায়াগনস্টিক ও আশোকাঠী ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দেন। এ ছাড়া নোংরা পরিবেশ ও প্রয়োজনীয় বিধি অনুসরণ না করায় লাইফ সেইফ ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫ হাজার, আশোকাঠী মেডিক্যাল সেন্টার ১০ হাজার, বনানী প্যাথলজি ৫ হাজার ও শারমিন ক্লিনিককে ৫হাজার টাকা জরিমানা করেন।