শিবপুরে পিস্তল ও গুলিসহ জামাইকে পুলিশে সোপর্দ

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:৩২
নরসিংদীর শিবপুর উপজেলার ভরতের কান্দি গ্রামে রেজাউল নামে এক সন্ত্রাসীকে একটি পিস্তল ও গুলিসহ আটক করে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী। উপজেলার উত্তর কারারচর গ্রামের ফিরোজ পাঠানের ছেলে সন্ত্রাসী রেজাউল প্রায় দুই বছর পূর্বে ভরতের কান্দি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে তাহমিনাকে বিয়ে করেন। বিয়ের ২/৩ মাস যেতে না যেতেই রেজাউল তার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে যৌতুক এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। বিয়ের সময়ও শ্বশুর বাড়ি থেকে তাকে নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় দেড় লাখ টাকার যৌতুক দেয়া হয়। এমনকি মেয়ের সুখ-শান্তির কথা চিন্তা করে তাকে একটি গরুও দান করেছিল। সে পুনরায় যৌতুকের জন্য স্ত্রীর উপর অত্যাচার নির্যাতন শুরু করলে যন্ত্রণা সহ্য করতে না পেরে তাহমিনা স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়। এতে স্বামী রেজাউল ক্ষিপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে একটি সিএনজি নিয়ে শ্বশুর বাড়ি যায়। সেখানে গিয়ে পিস্তল উঁচিয়ে স্ত্রীকে গুলি করার জন্য উদ্যত হয়। এলাকাবাসী রেজাউলকে পিস্তল ও গুলিসহ আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।