মতলব দক্ষিণ উপজেলায় ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। প্রধান শিক্ষক পদ শূন্য থাকায় বিদ্যালয়ে পাঠদান সমস্যা, তথ্য প্রেরণসহ প্রশাসনিক নানা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক পদ শূন্য বিদ্যালয়গুলো হচ্ছে— গোবিন্দপুর, লাকশিবপুর, আধারা, কাচিয়ারা, নন্দীখোলা, নাটশাল, চারটভাঙ্গা, ঘোড়াধারী, মধ্য দীঘলদী, ধলাইতলী, বকচর ও বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সনজিত পালন বলেন, আমার বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ২শ’ ১৫ জন ও শিক্ষক রয়েছে পাঁচজন। প্রধান শিক্ষক না থাকার কারণে দীর্ঘদিন ধরে প্রশাসনিক কাজে ও পাঠদানে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া কোন শিক্ষক ছুটিতে থাকলে ঐ সময় শ্রেণী কার্যক্রম চালিয়ে নেয়া বড় কষ্ট হয়।
মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোখলেছুর রহমান জানান, আদালতে মামলা থাকার কারণে গত কয়েক বছর ধরে প্রধান শিক্ষক পদে পদোন্নতি হচ্ছে না। ইতিমধ্যে আমাদের কাছ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গ্রেডেশন তালিকা নিয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যে পদোন্নতি সমস্যা সমাধান হলে এ জটিলতা নিরসন হবে।
