পাঁচ শতাধিক শিক্ষক কর্মচারী জুন মাসের বেতন পাননি

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:৪৪
হোমনা উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় কর্মরত পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারী এখনো জুন মাসের বেতন পাননি। জুন শেষে জুলাই মাস পার হতে চললেও শিক্ষক-কর্মচারীরা জুনের বেতন না পাওয়ায় সন্তানদের নিয়ে শিক্ষক পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। মো. আলমগীর হোসেন নামে এক শিক্ষক জানান, বেতন না পাওয়ায় রমজানে বাড়তি খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। ঈদ ঘনিয়ে এলেও বেতন এবং উত্সব ভাতা না পাওয়ায় ঈদের কেনা-কাটা করা যাচ্ছে না। বাকশিস হোমনা উপজেলা সভাপতি অধ্যাপক মো. মনোয়ার হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম আ. মতিন ঈদের আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের উত্সব ভাতাসহ জুন ও জুলাই মাসের বেতন প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।