রুপালি দিনের প্রাক্তন নায়িকা এখন বোরখা পরে, পরবাসে। বিদেশে বেবি-সিটিং করে লালন করছে
নাত-নাতনি। বড় নাতনির প্রশ্ন—‘নায়ক কি তোমার বয় ফ্রেন্ড ছিলো?’ তসবিতে চুমু দিতে দিতে
সন্ধ্যাকালীন দীর্ঘশ্বাস ফেলে বলে :‘বোইনরে, বাংলা সিনেমা! সেখানে সবাই বয়ফ্রেন্ড!
একের ভেতর সাত!
প্রযোজক এবং পরিচালক
সংগীত পরিচালক
নৃত্য পরিচালক
মেকাপম্যান
এমন কি সুযোগ পেলে কখনো কখনো টিবয়ও বয়ফ্রেন্ড।
একবার শুটিং-এর ঘোড়াটিও লাফিয়ে উঠেছিলো!’
নাতনি চোখ দুটি মার্বেলের মতো চকচক করে বলে—কী বলো দিদা? আমাদের সময় উল্টো!
মারিয়া, ক্যাথি, সিলভিয়া... সবার একজনই (গোপন) বয়ফ্রেন্ড! একের ভেতর পাঁচ।
এবং সে একবার ক্যাম্পাসে আমাকে দেখেও ঘোড়ার মতো লাফিয়ে উঠেছিলো!
