১১৬ আরোহী নিয়ে আলজেরিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার আলজেরির একটি যাত্রীবাহী বিমান গতকাল বৃহস্পতিবার বিধ্বস্ত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি মালিতে বিধ্বস্ত হয়েছে। খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়। এর আগে জাতীয় বিমান সংস্থা এয়ার আলজেরি জানিয়েছিল, বুরকিনা ফাসো থেকে ১১০ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে ছেড়ে যাওয়া ওই বিমানের সাথে সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশটির পরিবহনমন্ত্রী ফ্রেডেরিক কাভিরিয়ের নিশ্চিত করেন যে, বিধ্বস্ত বিমানটির ৫১ জন আরোহী ফ্রান্সের নাগরিক। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আরোহীদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। খবর এএফপি ও বিবিসির।
জানা গেছে, বিমানটি ১১০ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে উয়াগাদুগু থেকে উড্ডয়নের প্রায় ৫০ মিনিট পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোম্পানি সূত্র জানায়, নিখোঁজ বিমানটি একটি ম্যাকডোনেল ডগলাস ডিসি-৯ বিমান।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফাবিয়াস জানিয়েছেন, বিমানটিতে ৫১ জন ফ্রান্সের নাগরিক ছিলেন। বিমানটি সম্ভবত বিধ্বস্ত হয়েছে। তিনি জানিয়েছেন, ফ্রান্সের দুটি যুদ্ধবিমানের সহায়তায় উদ্ধারকাজ চলছে। ফ্রান্সের গণমাধ্যম জানিয়েছে, উদ্ধার কার্যে অংশ নেওয়া কর্মীরা মালিতে বিমানের ধ্বংসাবশেষ পেয়েছেন। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়। আলজেরিয়ার বেসামরিক বিমান পরিবহনের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত। তবে কোথায় কিভাবে বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। যদিও প্রথমদিকে বিমানটি নাইজার নদীতে বিধ্বস্ত হয়েছিল বলে জানা যায়।
সুত্র জানায়, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় বিমানটি আলজেরিয়া সীমান্তের কাছাকাছি মালির আকাশ-সীমায় ছিল। এয়ার আলজেরি এই ঘটনার পর এক বিবৃতিতে জানায়, ‘আলজেরিয়া সীমান্তের কাছাকাছি থাকার সময় স্বল্প দৃশ্যমানতার কারণে আলজিয়ার্স-বামাকো রুটে অন্য বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে বিমানের ক্রুদের গতিপথ পরিবর্তন করতে বলা হয়। গতিপথ বদলানোর পর এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’
আশঙ্কা করা হচ্ছে, বিমানটির সব আরোহী নিহত হয়েছেন। সপ্তাহে চারবার এই রুটে বিমানটি চলাচল করতো। এয়ার আলজেরি জানায়, তাদের ফ্লাইট এএইচ৫০১৭ ওয়াগাডউগু বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু কিছুক্ষন পরেই এটির ভাগ্যে বিপর্যয় নেমে আসে।
স্পেনের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘সুইফট এয়ার’ এর কাছ থেকে ভাড়া করা হয়েছিল বিমানটি। সুইফট এয়ারের ওয়েবসাইটে দেয়া এক বার্তায় বলা হয়, এয়ার আলজেরির বিমানটি বুরকিনা ফাসো থেকে যাত্রা শুরু করে স্থানীয় সময় রাত ১টা ১৭ মিনিটে। ভোর ৫টা ১০ মিনিটে বিমানটির আলজেরিয়ায় পৌঁছানোর কথা ছিল।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেন অভিযোগ করে আসছে, ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ক্ষেপণাস্ত্র ছুড়ে মালয়েশীয় বিমানটিকে ভূপাতিত করে। সর্বশেষ বুধবার তাইওয়ানের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪৭ জন নিহত হয়।
