জাতিসংঘের শান্তিরক্ষী বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল হার্ভে লাসৌস বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের রসদ ও সহায়তা বিভাগের দায়িত্বে থাকা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরাহ হক তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন। তার অভাব আমরা সব সময় বোধ করবো। তবে কিছু দিনের মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বিভাগে নীতি নির্ধারক পদে একজন বাংলাদেশিকে নিয়োগ দেয়া হতে পারে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আন্ডার সেক্রেটারি জেনারেল হার্ভে বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি সেনাদের কর্মকাণ্ডের উচ্ছসিত প্রশংসা করে বলেন, এ কাজে বাংলাদেশি সেনাদের কর্মদক্ষতা ও দৃঢ়তা রয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাপী ১৭টি অঞ্চলে শান্তিরক্ষায় ১ লাখ ২০ হাজার সেনা রয়েছে। এর মধ্যে নয়টিতে বাংলাদেশি সেনারা কাজ করছে। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাত হাজার ৮৩ জন এবং এক হাজার ৫৮ জন পুলিশ সদস্য রয়েছে। পুলিশ সদস্যদের মধ্যে রয়েছে ২৮০ জন নারী। সবচেয়ে বড় বিষয় হলো, যখনই সেনার প্রয়োজন হয় বাংলাদেশ দ্রুত সাড়া দেয়। তারা যেখানে যায় সেখানেই সুনামের সঙ্গে কাজ করে।
এ সময় তিনি আরো বলেন, শান্তিরক্ষী বাহিনীতে সংস্কার আনার চিন্তা-ভাবনা চলছে। এটা হলে সেনাদের পাশাপাশি বেসামরিক পেশাজীবীদের নিয়োগ দেয়া হবে। দুর্যোগ কবলিত বিভিন্ন জায়গায় পুনর্বাসনের জন্য বাংলাদেশ থেকে প্রকৌশলী, ডাক্তার, নার্সসহ বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীদের নিয়োগ দেয়া হবে।
মতবিনিময় অনুষ্ঠানে নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, নিউ এজের সম্পাদক নুরুল কবীর, বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
