আঙুলের ফাঁক গলে এইমাত্র যে মার্বেলটি, যেমন আধপাকা ফল,
পড়ে গিয়ে মেঝের মার্বেলে নৃত্য করছিল
যেমন টিনের চালে শিল,
তুমি তাকে ধরে ফেললে, নোংরা হাতে!
তুমি তো সার্জন না, যে কোঠরে প্রতিস্থাপন করবে? যদিও তোমার কাপড়ে কুশ্রী রক্ত ও পুঁজের দাগ।
ওটা কিন্তু দুইজন, তিক্তবিরক্ত দুই চোখ
স্মৃতির সঞ্চয় যত লুকিয়ে রাখার মতো
সিন্দুক নেই, মেমোরি কার্ডও না।
ওরা উগরে দিচ্ছে লক্ষকোটি জোনাকির
ঝাঁক। আলো-বাতাসের নামে ওটিতে না নিয়ে, নিয়ে যাচ্ছ লাশকাটা ঘরে,
বাঙলায় বিভোর তুমি এক ডোমের সর্দার
ওরা বলছে—আর লোকালয় নয়, বনবাসে যাব, তুমি শুনছো না।
ওরা বলছে—আমরা পশুর চোখ,
তোমরা তো জন্মান্ধ মনুষ্যকীট!
ওদের শরীর থেকে জাফরান ভাসে,
তোমার অনেক সর্দি।
ও মানুষ, মার্বেল তো সামান্য কাচ,
অথবা আয়না, অথবা জল।
ওদের ছেড়ে দাও, ওরা ফিরবে না,
যেমন বুলেট। ওরা চলে যাবে, চিরতরে
প্রগাঢ় অরণ্যের অন্ধকার গহ্বরের দিকে।
