মানব উন্নয়নে একধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০১৩ সালের মানব উন্নয়নে বিশ্বব্যাপী অসাধারণ উন্নতির তালিকায় যে ১৮টি দেশ ঠাঁই করে নিয়েছিল তাতে বাংলাদেশের নামও ছিল। এবার ২০১৪ সালের মানব উন্নয়ন প্রতিবেদনেও একই ধারা বজায় রাখতে পেরেছে বাংলাদেশ। প্রতিবেশী দেশগুলোর তুলনায় দারিদ্র্য সূচকে এগিয়ে থাকার পাশাপাশি নারী-পুরুষের সমতায়ও এগিয়ে রয়েছে বাংলাদেশ। এ বছর সার্বিকভাবে দশমিক শূন্য ৭ শতাংশ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান, ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ এবং ভুটান আগের অবস্থানে থাকলেও এক বছরের ব্যবধানে বাংলাদেশ মানব উন্নয়ন তালিকায় ১৪৩ থেকে ১৪২তম অবস্থানে উঠে এসেছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন প্রকাশ করেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহায়তায় আগারগাঁওস্থ এনইসি সম্মেলন কক্ষে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। ইউএনডিপি’র উপ-আবাসিক পরিচালক নিক ব্রেসফোর্ড প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অসাম্য দূরীকরণে প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান এবং নেপালের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
ইউএনডিপি’র করা বহুমাত্রিক দারিদ্র্য সূচকে বাংলাদেশের অবস্থান ভারত, পাকিস্তানের চেয়ে ভালো। বাংলাদেশ এই সূচকে শূন্য দশমিক ২৩৭ পয়েন্টে অবস্থান করলেও ভারত, পাকিস্তান রয়েছে শূন্য দশমিক ২৮২ পয়েন্টে। জেন্ডার উন্নয়ন সূচকে বাংলাদেশ রয়েছে ১০৭তম অবস্থানে। এ সূচকে পাকিস্তান রয়েছে ১৪৫তম এবং ভারত রয়েছে ১৩২তম স্থানে।
প্রতিবেদনে দেখা যায়, গত বছরের মতো এবারো মানব উন্নয়নে শীর্ষে রয়েছে নরওয়ে। এর পর রয়েছে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, জার্মানী, নিউজিল্যান্ড, কানাডা ও সিঙ্গাপুর। ১৮৭টি দেশের মধ্যে সার্কভুক্ত আফগানিস্তান ১৬৭তম, বাংলাদেশ ১৪২তম, ভুটান ১৩৬তম, ভারত ১৩৫তম, মালদ্বীপ ১০৩তম, মায়ানমার ১৫০তম, নেপাল ১৪৫তম, পাকিস্তান ১৪৬তম, শ্রীলংকা ৭৩তম অবস্থানে রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সচিব মোহাম্মদ মেজহাবউদ্দিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, নারী-পুরুষের সমতাসহ সামাজিক সুরক্ষার বিষয়গুলো মানব উন্নয়নের প্রধান চালিকাশক্তি। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, মোট বাজেটের ৩০ শতাংশ অর্থব্যয় করা হচ্ছে সামাজিক নিরাপত্তা খাতে। তাছাড়া নারী উন্নয়ন নীতি, নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের নানামুখী পদক্ষেপের কারণে নারী-পুরুষের সমতা আগের চেয়ে অনেক বেড়েছে। স্যানিটেশনে বাংলাদেশের অর্জন দক্ষিণ এশিয়ার জন্য রোল মডেল। বর্তমানে দারিদ্র্যের হার ২৩ শতাংশে নেমে এসেছে। আর এসব কারণেই বাংলাদেশ মানব উন্নয়নে এগিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিশ্ব পরিস্থিতি:মানব উন্নয়ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বের অধিকাংশ দেশ মানব উন্নয়ন সূচকে উন্নতি করলেও এখনও বিশ্বব্যাপী মানুষের জীবনমান, ব্যক্তি নিরাপত্তা, পরিবেশগত ঝুঁকিসহ বিশ্ব রাজনৈতিক ঝুঁকিতে রয়েছে। বিশ্বব্যাপী চরম দরিদ্র মানুষের সংখ্যা হ্রাস পেলেও এখনও ২২০ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যসীমায় রয়েছে। বিশ্বের ১৫ শতাংশ মানুষ চরম দারিদ্র্যসীমায় রয়েছে। একইসাথে বিশ্বের ৮০ শতাংশ মানুষ সামাজিক নিরাপত্তা বলয়ের বাইরে রয়ে গেছে। ১২ শতাংশ মানুষ বা ৮৪ কোটি ২০ লাখ মানুষ ভয়ানক ক্ষুধার সাথে লড়ছে। মোট শ্রমশক্তির অর্ধেক অর্থাত্ দেড়শ কোটি মানুষ মূল শ্রমধারার বাইরে রয়ে গেছে।
