দুদকের মামলায় রানার জামিন মেলেনি

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২২:৪৪
ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে দায়েরকৃত মামলায় সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানা হাইকোর্ট থেকে জামিন পাননি। তার জামিন আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। গত বছরের ২৪ এপ্রিল মাসে রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষ নিহত হন। আহত হন আরো অনেকে। এ হতাহতের ঘটনায় ওই ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ এনে সাভার থানায় ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে পরস্পরের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ভবনের নকশা প্রস্তুত, অনুমোদন, নির্মাণ ও গার্মেন্টস ব্যবসা পরিচালনার অভিযোগ আনা হয়। ওই মামলায় ২৪ জুন সোহেল রানাকে গ্রেফতার দেখানো হয়। পরে রানাসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন রানা। তার পক্ষে জামিন আবেদন উপস্থাপন করেন এডভোকেট মো. নাজমুল হুদা। জামিন আবেদনের বিরোধিতা করেন ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট অমিত তালুকদার। পরে আদালত জামিন না দিয়ে আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়।