পত্রিকার ডিক্লারেশন বাতিলের ক্ষমতা ডিসিদের দেয়া হচ্ছে না :তথ্যমন্ত্রী

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২২:৪৫
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আইন সংশোধন করে সংবাদপত্রের প্রকাশনা বন্ধের ক্ষমতা জেলা প্রশাসকদের (ডিসি) হাতে দেয়া হচ্ছে এটি সঠিক নয়। তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ নয়, অবাধ স্বাধীনতায় বিশ্বাসী। তাই পত্রিকার ডিক্লারেশন বাতিলের ক্ষমতা ডিসিদের হাতে দেয়া নয়, ১৯৭৩ অ্যাক্টকে যুগোপযোগী করার বিষয়ে আমরা কাজ করছি। গতকাল বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত ছয় শতাধিক ডিক্লারেশন দিয়েছেন জেলা প্রশাসকেরা। কারণ, সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী। শুধু বিশ্বাসী নয়, কর্মেও তার প্রতিফলন ঘটাতে সরকার বদ্ধপরিকর। গত জানুয়ারিতে মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি কমিটি গঠন করে। ওই কমিটি আইনটি যুগোপযোগী করার জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরকে (ডিএফপি) দায়িত্ব দেয়। ডিএফপি একটি খসড়া নীতিমালা তৈরি করে পাঠায়। কমিটি খসড়াটি আবার ডিএফপির কাছে ফেরত পাঠিয়েছে। কারণ, ডিএফপির প্রস্তাবগুলো সামঞ্জস্যপূর্ণ নয়। তাই যুগোপযোগী করার প্রক্রিয়াটি মাত্র শুরু হয়েছে। এটা পূর্ণাঙ্গ রূপ নয়।