আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ঈদের পর আন্দোলনের নামে নৈরাজ্য কিংবা মানুষ হত্যার চেষ্টা করা হলে বিএনপিকে কঠিন মাশুল দিতে হবে। তিনি বলেন, ২০১৯ সালের নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেও দেশে কোন জাতীয় নির্বাচন হবে না। সরকারের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর বর্তমান সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। আর এ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে তিনি বিএনপির প্রতি আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুগদায় মুগদা ৫০০ বেড হাসপাতাল আয়োজিত ইফতার মাহফিল-পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ঈদের পর আন্দোলনের নামে জ্ব্বালাও-পোড়াও ও মানুষ হত্যা করতে চায় বিএনপি। তারা হত্যার রাজনীতি করতে চায়। আর আমরা ঈদের পর প্রায় ৭ হাজার নতুন ডাক্তার নিয়োগ দিয়ে জনগণের সেবা করতে চাই। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য এখানেই। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। ঈদের পর ৫শ’ অভিজ্ঞ ডাক্তারকে পদোন্নতি দিয়ে জনগণের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরো জোরদার করা হবে।
মুগদা ৫০০ বেড হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, বিএমএ মহাসচিব ইকবাল আর্সলান, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু প্রমুখ।
